ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ভুরুঙ্গামারীতে একই রাতে দুর্বৃত্তরা হিন্দু সম্প্রদায়ের ৪ টি মন্দিরের মুর্তি ভাংচুর ও স্বর্ণালংকার লুট করেছে । এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে।
জানাগেছে উপজেলার সদর ইউনিয়নের নলেয়া গ্রামের মাঝি পাড়ায় গত বৃহস্পতিবার শ্রী অতুল দাসের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। পাড়ার প্রায় সব লোকই উক্ত বিয়ে আমোদ-ফুর্তিতে ছিল। এই সুযোগে রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা উক্ত গ্রামের শ্রী দীনেশ দাস,শ্রী গনেশ দাস,শ্রী মিলন দাস ও শ্রী বিজয় দাসের পারিবারিক মন্দিরের মহাদেব ও নারায়ণ মুর্তি গুলো ভাংচুর করে এবং মুর্তির গলায় থাকা স্বর্ণ ও রৌপ্যের আনুমানিক ৫০ হাজার টাকার অলংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় উপজেলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর ক্ষোভ ও আতংকের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল। উল্লেখ্য ইতিপুর্বেও উক্ত গ্রামে একটি কালী মুর্তি ভাংচুর করা হয়েছিল।