ঢাকা: রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মহাখালী ফ্লাইওভারের ঢালে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আরিফ (২৫), শামীম (২২), মিজানুর রহমান (৩০)। আহতরা হলেন আশিক, সেলিম, একদিল।
বনানী থানার এসআই আতাউল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে মহাখালী ফ্লাইওভারের ঢালে মাটিবাহী একটি ট্রাকের সঙ্গে মুরগিবাহী একটি ট্রাকের মুখোমখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত হন আরো তিনজন । আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ তিনটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।