সিসি নিউজ: রাজধানীর অদূরে কেরানীগঞ্জ থেকে ১৭টি দুষ্প্রাপ্য কিং কোবরা সাপসহ বাবুল (২৮) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় বাবুলকে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি এক বছরের কারাদণ্ডের সাজা প্রদান করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১ টার দিকে কেরানীগঞ্জ থানার লেক সিটি ঘাটেরচর এলাকা থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
র্যাব-২ এর মেজর নাসির উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, লাইসেন্স ছাড়া সাপ সংগ্রহ ও বিষ বিদেশে পাচারের অভিযোগে বাবুলকে গ্রেফতার করা হয়।
তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল বলেন, তিনি খামার করার জন্য সাপগুলো সংগ্রহ করেছেন। তবে সরকারি অনুমোদন ছাড়া এভাবে সাপের খামার করা বেআইনি বলে জানান মেজর নাসির। এ বিষয়ে কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।