সিসি ডেস্ক: জোড়া খুনের অভিযোগে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি পিনু খানের পুত্র বখতিয়ার আলম রনির ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার মামলার সুষ্ঠু তদন্তের জন্য রনিকে আদালতে হাজির করে ডিবি পুলিশের এসআই দিপক কুমার দাস সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান রনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগেও রনিকে চার দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
২১ জুন তদন্ত কর্মকর্তা ফের রিমান্ড আবেদন করলে আদালত রিমান্ড শুনানির জন্য ২৪ জুন দিন ধার্য করেন। এর আগে ১৩ জুন রনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে ১৬ জুন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
মামলা সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে মদ্যপ অবস্থায় বখতিয়ার আলম রনি একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ১৫ এপ্রিল রাতে রমনা থানায় একটি মামলা করেন। ২৪ মে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি)। তদন্তভার পাওয়ার পর ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলম রনিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর আদালত তাকে একবার রিমান্ডে পাঠান। এরই ধারাবাহিকতায় আদালতে আত্মসমর্পণ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন রনির অন্য বন্ধুরাও।