গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় শ্বশুর বাড়ির লোকজন কতৃক জামাইর রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের কুতুব এলাকায়। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার কোলকোন্দ ইউনিয়নের সাউদপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে মোস্তাফিজার রহমান (২৪) এর সাথে দেড় বছর আগে একই উপজেলার আলমবিদিতর ইউনিয়নের কুতুব এলাকার ভুট্টু মিয়ার মেয়ে জমিলা বেগম (২০) এর বিয়ে হয়। বিয়ের ৪ মাসের মধ্যে স্বামী স্ত্রীর মাঝে অবনতি দেখা দিলে মেয়ের বাবা ৩০ হাজার টাকায় রফাদফা করে ছেলের কাছ থেকে তালাক নিয়ে মেয়েকে নিয়ে যায়। এঘটনার ৩ মাস পর পুনরায় ছেলে ও মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে মেয়ের বাবার বাড়িতে বসবাস করে আসছিল।
ঘটনার দিন রবিবার পুলিশ মোস্তাফিজারের লাশ শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করে এসময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মৃত মোস্তাফিজারের শ্বশুর ভুট্টু, শ্বাশরি আনুফা, অন্তঃসত্ত্বা স্ত্রী জামিলা কে আটক করে থানায় নিয়ে আসে। তবে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
মোস্তাফিজারের বাবা নূর ইসলামের দাবী তার ছেলেকে পরিকল্পিত ভাবে শ্বশুরবাড়ির লোকজন হত্য করেছে।
গঙ্গাচড়া থানা ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এমএ মান্নান বলেন, নিহত মোস্তাফিজারের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে আসল রহস্য উদ্ঘাটিত হবে।