জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ওই প্রতিষ্ঠানের বিক্ষুদ্ধ ছাত্রছাত্রীরা। ঘটনাটি পৌরশহরের বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজের।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৩ সালে স্কুল থেকে কলেজে রুপান্তরিত হয় প্রতিষ্ঠানটি। চলতি বছর একাদশ শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তি করিয়ে একদিনও ক্লাস না হওয়ায় এ ঘটনা ঘটে। শনিবার সরেজমিনে কথা হয় ওই কলেজের এইচ.এস.সি প্রথম বর্ষের ছাত্র আনোয়ার হোসেন, ফিরোজ ও আব্দুল হাকিমের সাথে।
তারা অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সভাপতি আমাদের সাথে প্রতারনা করে আমাদের অজান্তে ওই প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে ভর্তি করিয়ে নেয়। ফলে আমরা অন্য কলেজে ভর্তি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হই।
এছাড়া তিনমাস পেরিয়ে গেলেও একদিনও ক্লাস নিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। বার বার তাগিদ দেয়ার পর কলেজ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেওয়ায় আমরা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়েছি এবং যতদিন ক্লাশ শুরু করবে না ততদিন পর্যন্ত তালা ঝুলবে।
বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোপীনাথ রায় জানান, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। অতি সত্তর ক্লাশ শুরু করা হবে।
এদিকে ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি এ.কে আজাদ খুব তাড়াতাড়ি ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।