প্রযুক্তি ডেস্ক: কথা থাকলেও এ বছর কোনো টিভি চ্যানেলই পূর্ণাঙ্গ সম্প্রচারে আসতে পারছে না। কাজী গ্রুপের দীপ্তটিভি আসবে আসবে করলেও, প্রস্ততির যে অবস্থা তাতে সম্প্রচারে আসা সম্ভব হবে কি না তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। বাকি চ্যানেলগুলোর অবস্থা আরও খারাপ বলেই জানা গেছে।
২০১৩ সালের নভেম্বরে ১৩টি নতুন টিভি চ্যানেলের অনুমোদন দেয়া হয়। এইসব চ্যানেলের কোনোটিরই প্রস্ততি তেমন একটা সুখকর নয়। চ্যানেলগুলোর মধ্যে ঢাকা উত্তরের মেয়র ও ব্যবসায়ী নেতা আনিসুল হকের যাদু মিডিয়ার নাগরিক স্বল্প পরিসরে জনবল নিয়োগ দিলেও বাকি চ্যানেলগুলো তাও করেনি। এদের অনেকেই আবার বিনিয়োগকারীর সন্ধানে রয়েছে। বসুন্ধরা গ্রুপের নিউজ টোয়েন্টিফোরের তেমন অগ্রগতি নেই। জনবল নিয়োগ নিয়ে এখনও তারা মাঠে নামেনি। কবে নামবে, কেউ তা জানে না।
নাগরিক টিভিতে এখন পর্যন্ত জনা চারেক কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে। তারা এখন অলস সময় পার করছেন। মাস কয়েক আগে জনবল চেয় বিজ্ঞাপন দেয়া হলেও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। আপাতত নিয়োগ নিয়ে কর্তৃপক্ষ ভাবছে না বলেই বিভিন্ন সূত্রে জানা গেছে। ঈদুল আজহার পর এ প্রক্রিয়া শুরু হলেও হতে পারে বলে সূত্র জানাচ্ছে।
নিউজ টোয়েন্টিফোর আর নাগরিক নিয়েই এই মুহূর্তে মিডিয়া কর্মীদের আগ্রহ বেশি। কিছুটা হলেও এই দুই চ্যানেলের কার্যক্রমের খবরাখবর পাচ্ছেন সবাই। কিন্ত বাকি চ্যানেলগুলোর কোনো খবর কারো কাছে নেই। এমনকি অনুমোদন পাওয়া চ্যানেলগুলো এখন পর্যন্ত অফিসও নেয়নি বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
নতুন বার্তা