সিরাজগঞ্জ: বন্ধুর সাথে সিরাজগঞ্জের ইকোপার্কে বেড়াতে এসে (১৭) এক কলেজ ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ওই ছাত্রীকে গুরুত্বর অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বেলকুচি উপজেলার রাজাপুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
রবিবার সন্ধ্যার আগে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ইকোপার্কের গভীর জঙ্গলে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষক ও তার সহযোগীকে স্থানীয় জনতা আটকে পুলিশে সোপর্দ করেছে।
আটককৃতরা হলো-উপজেলার খামার উল্লাপাড়া গ্রামের হেলাল হোসেনের ছেলে রাজাপুর ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সোহেল রানা (১৯) এবং তার সহযোগী একই গ্রামের নাসির আকন্দের পুত্র কবির হোসেন (২০)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার (ভারপ্রাপ্ত) পরিদর্শক আজগর আলী জানান, কলেজ ছাত্রীর সাথে একই কলেজের একই শ্রেণীতে অধ্যয়নরত সোহেল রানার বন্ধুত্ব ছিল। বন্ধুত্বের খাতিরে বিকেলে সোহেল রানা ও তার সহযোগী মিলে মেয়েটিকে বেড়ানোর কথা বলে বঙ্গবন্ধু সেতু সংলগ্ন ইকোপর্কে নিয়ে আসে।
বেড়ানোর এক পর্যায়ে সোহেল রানা মেয়েটিকে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এ সময় মেয়েটির চিৎকার শুনে ইকোপার্ক কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন কর্তৃক রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে এবং ধর্ষক ও তার সহযোগীকে আটক করে। মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং সোহেল রানা ও তার সহযোগী কবিরকে আটক করে। এঘটনায় ধর্ষন মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বঙ্গবন্ধু সেতুর উপ-পরিদর্শক আহসান হাবিব জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে দুজনেই ধর্ষনের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। দুপুরেই আদালতের মাধ্যমে দুজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম জানান, আশঙ্কাজনক অবস্থায় কলেজ ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই সময় মেয়েটির প্রচুর রক্তক্ষরন হচ্ছিল। তবে বর্তমানে শঙ্কামুক্ত। সে হাসপাতালের গাইনী বিভাগে চিকিৎসাধীন রয়েছে।