সিসি নিউজ: ‘জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ সম্পূর্ণ নির্দোষ। রাজনৈতিকভাবে হয়রানির জন্য তার বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করা হয়েছে।’
রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় এরশাদের পক্ষে এভাবে যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবী সিরাজুল ইসলাম।
ঢাকা মহানগর দায়রা জজের বিচারক কামরুল হোসেন মোল্লা বুধবারের শুনানি শেষে পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য ১৫ অক্টোবর দিন ধার্য করেন।
মামলার অপর আসামিরা হলেন— বিমানবাহিনীর সাবেক সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ, বিমানবাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ ও ইউনাইটেড ট্রেডার্সের পরিচালক এ কে এম মুসা। মামলার শুরু থেকে মুসা পলাতক রয়েছেন।
১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলাটি দায়ের করে। ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ১৯৯৫ সালের ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।