নীলফামারী : মাইক্রোবাসের ধাক্কায় সুখি আক্তার(৩৫) নামের এক নারী নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রংপুর সড়কের গঞ্জিপুর নামক স্থানে। এলাকাবাসী মাইক্রোটি আটক করলেও চালক পালিয়ে গেছে। স্বামী পরিত্যাক্তা নিঃসন্তান নিহত সুখি আক্তার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ছিট রাজিব গ্রামের মৃত গাঠিয়া মাহমুদের মেয়ে। তিনি রংপুরের এক বাসায় গৃহ পরিচারিকার কাজ করতেন।
ঘটনা সময় সুখি আক্তার রংপুর থেকে কিশোরগঞ্জ উপজেলা গদা গ্রামে তার নানা আরিফ হোসেনের বাড়ির বেড়াতে আসছিলেন। বাস থেকে পায়ে হেটে নানার বাড়িতে যাওয়ার পথে পেছন থেকে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু ঘটে।
কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।