• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন |

দুর্গাপূজায় ২২১ মণ্ডপের নিরাপত্তায় ৬ হাজার পুলিশ

ফাইল ছবি

পুলিশঢাকা : দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাজধানীর ২২১টি পূজামণ্ডপে ৬ হাজার ৮৬৩ জন পুলিশ সদস্য  মোতায়েন করা হবে। রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে দুর্গাপূজা ও আশুরা উদযাপন উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে পূজার শুরুর সময়, পূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন দেওয়ার সময় পর্যন্ত এই তিন পর্যায়ে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজা ও পবিত্র আশুরা উপলক্ষে অতিরিক্ত নিরাপত্তার জন্যে পর্যাপ্ত বিজিবি মোতায়েনও করা হবে। পূজা ছাড়াও আশুরা উপলক্ষে আরো ২ হাজার ৫০০ জন অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

কমিশনার বলেন, গোয়েন্দা পুলিশের বিশেষায়িত টিম, সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম, ভিডিও স্টল ক্যামেরা টিম, সুইপিং, ডগ স্কোয়াড ও গুরুত্বপূর্ণ মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে আমাদের পুলিশ সদস্যরা পোশাকে এবং সাদা পোশাকে নিরাপত্তা দেবে। তা ছাড়া হ্যান্ড মেটাল ডিটেক্টিভ দ্বারা পূজামণ্ডপে প্রবেশকারী সকলকে সার্চ করে প্রবেশ করানো হবে এবং ঢাকেশ্বরী পূজামণ্ডপ এবং রামকৃষ্ণ মিশনে পুলিশ কন্ট্রোল রুম থাকবে।

তিনি আরো বলেন, আগামী ২৪ অক্টোবর পবিত্র আশুরা। এদিন মোহাম্মাদপুর, ধানমন্ডি, মিরপুর এবং পল্টন এলাকাসহ কয়েকটি এলাকা থেকে তাজিয়া মিছিল বের হবে। শোভাযাত্রার নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ সদস্য থাকবেন। এ ছাড়া সড়কে যাতে যানজটের সৃষ্টি না হয় সেজন্য পুলিশ সতর্ক থাকবে।

প্রতিমা বিসর্জনের শোভাযাত্রার বিষয়ে কমিশনার বলেন, শুক্রবার অনেক জায়গায় মসজিদের পাশের সড়কেও নামাজে দাঁড়ায় মুসল্লিরা। তাই সকালে শোভাযাত্রা বের হলে সেটি ১১টার মধ্যে শেষ করতে হবে। সাড়ে ১১টার পরে শোভাযাত্রা বের হলে সেটা থামিয়ে দেওয়া হবে। এ ছাড়া সকল প্রতীমা বিসর্জন সন্ধ্যার আগেই সম্পন্ন করতে হবে।

বিদেশিদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ