নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র কর্মরত স্পেনের ৪৩ কর্মীকে আগামী ৫ নভেম্বরের মধ্যে কাজে যোগ দেওয়ার সময় বেধে দিয়েছে সরকার।
এই সময়সীমার মধ্যে তারা কাজে যোগ না দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে শুক্রবার নারায়ণগঞ্জে গিয়ে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
তিনি বলেন, নিরাপত্তার সার্বিক দিক নিয়ে স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। ৫ নভেম্বরের মধ্যে তারা কাজে যোগ দেবে। এ সময়ের মধ্যে যোগ না দিলে চুক্তি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে এমন কোনো অবস্থা বিরাজ করছে না যে, কাজ ছেড়ে চলে যেতে হবে। সবকিছু স্বাভাবিক আছে। যেখানে বিদেশি কাজ করছে, সরকার সেখানে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে।
এই অবস্থায় নিরাপত্তার কথা বলে চুক্তি মত কাজ শেষ না করে চলে যাওয়াকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন।
দুই বিদেশি নাগরিক খুনের পর নিরাপত্তাহীনতার অজুহাতে স্পেন দেশের তিনটি নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র থেকে ৪৩ জন বিদেশিকে সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়।
তারা পিডিবির বিবিয়ানা, সিদ্ধিরগঞ্জ এবং খুলনায় স্পেনের আইসোল্যাক্স কোম্পানির হয়ে কর্মরত ছিলেন।
বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নে কর্মরত স্পেনের ওই কোম্পানি গত ৫ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) তাদের কর্মীদের নিরাপত্তার বিষয়টি অবহিত করে উদ্বেগ প্রকাশ করে।
এরপর ৭ অক্টোবর তারা এসব কেন্দ্রে কর্মরত কর্মীদের প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।