লালমনিরহাট: জেলার আদিতমারী উপজেলায় নিখোঁজের তিনদিন পর নদী থেকে রোকেয়া বেগম (২৩) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের সীমান্তবর্তী বারঘড়িয়া গ্রামের রত্নাই নদী থেকে শুক্রবার সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
রোকেয়া আদিতমারী উপজেলার ভেলাবাড়ি গ্রামের নুর হোসেনের মেয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বাবার বাড়িতেই থাকতেন রোকেয়া।
নুর হোসেন তিনি জানান, গত ২১অক্টোবর সন্ধ্যার পর দুর্গাপূজা দেখতে পাশ্ববর্তী এলাকার মন্ডপে যান রোকেয়া। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। শুক্রবার সকালে রত্নাই নদীতে রোকেয়ার লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পানিতে থাকায় লাশটি পচে গেছে। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাই মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করা যায়নি।
লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে এসআই জানিয়েছেন। এ ঘটনায় আদিতমারী থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।