ফরিদপুর : ফরিদপুরে ডিবি পুলিশের গুলিতে হত্যা, ধর্ষণ, ডাকাতিসহ নয়টি মামলার আসামি মো. হাবিব (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় ডিবি পুলিশের কনস্টেবল সৈকত গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, শুক্রবার রাত ১০টার দিকে নয় মামলার আসামি দুর্ধষ হাবিব ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শহরের লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় হাবিব ডিবি পুলিশের ওপর হামলা চালিয়ে এক সদস্যকে কুপিয়ে জখম করে। এ সময় পুলিশ দলের অপর সদস্যরা সৈকতকে রক্ষার্থে গুলি চালালে হাবিব গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাবিবের লাশ বর্তমানে মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।
এদিকে, মারাত্মক আহত ডিবি পুলিশের কনস্টেবল সৈকতকে ফরিদপুরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।