ঢাকা : রাজধানীর হোসেনি দালান এলাকায় বোমা হামলায় আহতদের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বোমা হামলায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বোমা হামলায় আহতদের গুরুত্বের সঙ্গে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, তাদের সব ধরনের ব্যয় সরকার বহন করবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আহত ৬৩ জনকে ইতিমধ্যেই চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে একজন মারা গেছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। আগামীকাল রোববার তার অস্ত্রোপচার করা হবে।
দেশকে অস্থিতিশীল করার জন্যই এ বোমা হামলা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে শুক্রবার গভীর রাতে পুরান ঢাকার হোসেনি দালানি এলাকায় বোমা হামলায় একজন নিহত ও প্রায় একশজন আহত হন ।