ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বেতনা সীমান্ত থেকে ২৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। বুধবার ১২১ বিএসএফ ব্যাটালিয়নের কাদেরগঞ্জ ক্যাম্পের জওয়ানরা তাদেরকে আটক করে। আটককৃতরা ভারতের পাঞ্জাব প্রদেশে ইটভাটায় কাজের জন্য সীমান্ত পার হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেতনা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার রবিউল ইসলাম ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের।
স্থানীয় বাসিন্দারা জানান, ভারতের পাঞ্জাব প্রদেশে ইটভাটায় শ্রমিকের কাজ করার উদ্দেশ্যে বুধবার ভোরে ওই ২৮ জন সীমান্ত অতিক্রম করেন। এ সময় ভারতের উত্তর দিনাজপুর রাসাকুয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে বিএসএফ তাদের আটক করে থানায় সোপর্দ করে। আটক ব্যক্তিদের মধ্যে হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের রুহিয়া গ্রামের রহিমউদ্দীন, একরা, মসিউর, আজারুল, মামুন, আব্বাস, ন্যাংড়া, কালু, রাসেল, বিপ্লব, জসিম ও সাদ্দামের নাম জানা গেছে।
দিনাজপুর-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখতার ইকবাল জানান, বুধবার ভোরে ২৮ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। পতাকা বৈঠকের আগেই আটককৃতদের পুলিশে সোপর্দ করেছে তারা।