চুয়াডাঙ্গা: সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে এতদিন ধরে কাজ করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পুরুষ জোয়ানরা। কিন্তু আজ রোববার থেকে সীমান্ত প্রহরায় কাজ করবে নারীরা। এ জন্য বিজিবিতে পদায়ন করা হচ্ছে নারী সৈনিকদের।
রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গায় ৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
এর আগে ৫৮ বর্ডার গার্ড ব্যাটলিয়নের উদ্বোধন উপলক্ষে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন তিনি। নব প্রতিষ্ঠিত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত থেকে শুরু করে চুয়াডাঙ্গার দর্শনা পর্যন্ত দায়িত্ব পালন করবে।
এ সময় বিজিবি মহাপরিচালক আরো জানান, এবছর বিজিবি নতুন চারটি রিজিওন (অঞ্চল), চারটি সেক্টর ও ১১ টি ইউনিট চালু করতে যাচ্ছে। আর আজ থেকেই দেশে প্রথমবারের মতো বিজিবিতে নারী সৈনিকদের পদায়ন হচ্ছে।
গতকাল শনিবার ঢাকায় প্রকাশক খুন ও লেখক ব্লগারের ওপর হামলার ঘটনার প্রতিক্রিয়া জানাতে মহাপরিচালক বলেন, ব্লগার খুনের সঙ্গে আইএস-এর কোনো সংশ্লিষ্টতা নেই। আর দুই বিদেশি হত্যার নেপথ্যে এ দেশকে অশান্ত পরিস্থিতি সৃষ্টিকারী চক্র জড়িত। প্রাথমিক তদন্তের পর মোটামুটি নিশ্চিত হওয়া গেছে , দেশের বিভিন্ন স্থান থেকে ইন্টারনেটে আইএস-এর নাম ভাঙ্গিয়ে এসব ঘটনা ঘটানো হচ্ছে। মানবতা বিরোধী অপরাধ মামলার আপিলকে সামনে রেখে এদেশের সন্ত্রাসীরাই এসব ঘটিয়েছে।
চুয়াডাঙ্গা বিজিবি -৬ এর পরিচালক এসএম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ উদ্দিন, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল হা. মংসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।