মাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের জেএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিনের পরীক্ষায় ৩ হাজার ৩৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ও ২ পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রাকিবুল ইসলাম জানান, ২০১৫ সালের জেএসসি পরীক্ষার দ্বিতীয় দিন বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় ২ লাখ ৭ হাজার ৪৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৪ হাজার ১৩৬ জন উপস্থিত ও ৩ হাজার ৩৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পঞ্চগড় জেলায় ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সব চেয়ে বেশী অনুপস্থিত ছিল রংপুর জেলায় ৬০৮ জন। এছাড়া গাইবান্ধা জেলায় ৫৩৮, নীলফামারীতে ৩৩২, কুড়িগ্রামে ৫১৭, লালমনিরহাটে ২২৪, দিনাজপুরে ৫৯৯, ঠাকুরগাঁয়ে ৩৪৮ ও পঞ্চগড় জেলায় ১৮৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রাকিবুল ইসলাম আরো জানান, চলতি বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় ৩ হাজার ৩৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। গত বছর বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার ৩০৭ জন।
উল্লেখ্য, এবছর দিনাজপুর শিক্ষা বোর্ডের জেএসসি পরীক্ষায় ২৪৫টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে ৩ হাজার ১০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ১৭ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ১ লাখ ৫ হাজার ৪০৩ জন ছাত্র ও ১ লাখ ১২ হাজার ২৭৯ জন ছাত্রী। নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়েছে ২ লাখ ৫ হাজার ৯৪৪ জন। অনিয়মিত ১১ হাজার ৭২৮ জন ও মানোন্নয়ন পরীক্ষার্থী রয়েছে ১০ জন।