সাতক্ষীরা : বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির দুই দিনের ( ১২ ও ১৩ নভেম্বর) সম্মেলন ও কাউন্সিল পরবর্তী সাতক্ষীরায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের নতুন এক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এ সময় প্রবীণ বাম রাজনীতিক বিমল বিশ্বাসকে আবারও সভাপতি ও জাকির হোসেন রাজুকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন-বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিমল বিশ্বাস, কার্যকরি সভাপতি অধ্যাপক ইসহাক শরীফ, সহসভাপতি মুস্তফা লুৎফুল্লাহ এমপি, সহসভাপতি অধ্যাপক ইয়াছিন আলী এমপি সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনৈতিক ও সাংগঠনিক রিপোর্টের দীর্ঘ আলোচনা শেষে কাউন্সিলরের মতামতে ৩৫ সদস্য বিশিষ্ট্য এই কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ২৩টি জেলার প্রতিনিধিদের অংশগ্রহণে পাঁচ দফা দাবিকে সামনে রেখে বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।