ভোলা : ভোলার লালমোহনে পুলিশের ওপর হামলা চালিয়ে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ৮টায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলশিকদার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে পরোয়ানাভুক্ত দুই আসামি প্রাক্তন ইউপি চেয়ারম্যান মোতালেবের ছেলে মিজান ও তার এক ভাইকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় স্থানীয় ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিন্টুর লোকেরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায়।
তবে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, পুলিশের ওপর কোনো হামলা বা আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেনি। পুলিশ আসামি ধরতে গেলে এলাকাবাসী তাদের সরিয়ে দেয়। পরে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।