সিসি নিউজ: বাংলাদেশকে এক লাখ বাংলায় অনুবাদ করা কুরআন শরীফ দেবে সৌদি আরব সরকার। সফররত সৌদি আরবের শ্রম উপমন্ত্রী আহমেদ বিন ফাহাদের সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার ধর্মমন্ত্রী মতিউর রহমান সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান।
ধর্মমন্ত্রী বলেন, ‘সৌদি আরবের সঙ্গে পারস্পরিক সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। উপমন্ত্রী বলেছেন কুরআন ভালভাবে বোঝার জন্য তারা এক লাখ বাংলায় অনুবাদ করা কুরআন শরীফ আমাদের দেবেন। ধর্ম মন্ত্রণালয় এ কুরআন শরীফ বিতরণ করবে।’
পুনরায় ওমরা ভিসা চালু নিয়ে উপমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান মতিউর রহমান।
২৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে মঙ্গলবার দুপুরে ঢাকায় এসেছেন সৌদি আরবের শ্রম উপমন্ত্রী। বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ১১তম যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে দলটি ঢাকায় এসেছে। যৌথ কমিশনের বৈঠক বুধবার অনুষ্ঠিত হয়েছে।