ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপির অংশগ্রহণের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও তাদের দেওয়া শর্তে গুরুত্ব দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির নেতারা মনে করেন, ষড়যন্ত্রের অংশ হিসেবেই বিএনপির এমন দাবি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, ‘তারা (বিএনপি) তো নির্বাচনে আসার বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছে। এটা অবশ্যই ইতিবাচক দিক।’
বিএনপির দেওয়া শর্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন তাদের শর্তের কথা ভোগাস। এ ধরনের শর্তে কিছু আসে যায় না। এ নির্বাচনে আমাদের শর্ত আছে। আমরাও বলছি, নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারণায় অংশ নিতে দিতে হবে।’
একই বিষয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন বলেন, ‘বিএনপি যে শর্ত দিয়েছে তা বিবেচনা করার এখতিয়ার আছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন নির্বাচন পেছাবে কি-না, রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাদের নিয়োগ দেবে— এটা কমিশনের এখতিয়ার। এটা নিয়ে তো আমাদের কিছু করার নেই।’
নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ অস্বীকার করে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, ‘দেশ ও জনগণের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করছে। এখানে বিএনপির নেতাকর্মী পরিচয়ে গ্রেফতার করা হচ্ছে না।’
দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপির ভেতর ষড়যন্ত্রে ভরা। পৌর নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটা নষ্ট করতেই বিএনপির এমন দাবি। ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য তারা নির্বাচন পিছিয়ে দিতে বলছে। বিএনপি দেশবিরোধী দলে পরিণত হয়েছে।’
দ্যা রিপোর্ট