ঢাকা : চলন্ত বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসচালকের সহকারী লাঞ্ছিত করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শুক্রবার রাজধানীর দারুস সালাম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্রী।
দারুস সালাম থানা পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। লিখিত অভিযোগটি তারা মামলা হিসেবে নিয়েছে।
লিখিত অভিযোগে ওই ছাত্রী উল্লেখ করেন, আজ বেলা পৌনে ১টার দিকে তিনি নিজের গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে শুকতারা পরিবহনের বাসে চড়ে ঢাকায় আসছিলেন। কিছুদূর আসার পর তার পাশে থাকা যাত্রী নেমে যান। তখন পাশের আসনে বসেন বাসচালকের সহকারী মামুন। এ সময় বাসে মাত্র ১০ থেকে ১২ জন যাত্রী ছিল। এক পর্যায়ে বাসচালকের সহকারী মামুন তার সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। তিনি প্রতিবাদ করলে মামুন গালিগালাজ করতে থাকেন। তারপর ওই ছাত্রী গাবতলী বাসস্ট্যান্ডে নেমে যান। তখনো মামুন তাকে গালিগালাজ করেন।
চালক তার সহকারীকে মামুন নামে ডেকেছেন। তাই তিনি অভিযোগে বাসচালকের সহকারীর নাম মামুন লিখেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এম আমজাদ আলী বলেন, তিনি বিষয়টি জানেন। কিন্তু এ বিষয়ে তাদের কাছে লিখিত অভিযোগ আসেনি।