ঢাকা: গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে প্রতিকূল পরিস্থিতিতে আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সপ্তম দফা কারামুক্তির পর রোববার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিরোধী জোটের নেতাকর্মীদের বিরুদ্ধ ধরপাকড় অভিযান অব্যহত রাখা হয়েছে। বিএনপি বিশাল রাজনৈতিক দল। গ্রামে গ্রামে বিএনপির অনেক সমর্থন রয়েছে। সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি নির্বাচনে জয়লাভ করবে। এসব প্রতিকূল পরিস্থিতিতেও গণতন্ত্রের স্বার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে বিএনপি পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না অভিযোগ করে তিনি বলেন, অতীতে সিটি ও উপজেলা নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করেনি ইসি। এবারের পৌরসভা নির্বাচনেও নিরপেক্ষ দায়িত্ব পালন করছে না। তারা একটি দলের হয়ে কাজ করছে।