দিনাজপুর প্রতিনিধি : পার্বতীপুরে ২২ কেজি ওজনের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোরে পার্বতীপুর উপজেলার সোনাপুর এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
বিজিবি ৪২ ব্যাটালিয়নের মেজর আব্দুল হাসেম জানান, ভোরে পার্বতীপুরের সোনাপুর এলাকায় বিজিবির একটি টহল দল কয়েকজন চোরাকারবারিকে ধাওয়া করলে তারা কষ্টিপাথরের মূর্তিটি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার করে। উদ্ধার হওয়া মূর্তিটির ওজন ২২ কেজি ও মূল্য প্রায় ২২ লাখ টাকা। মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদফতরে জমা দেয়া হবে বলে তিনি জানান।