গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী সদর ইউনিয়ন জামায়াতের আমির আবু তালেব মাস্টারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার(১১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জেলার সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আবু তালেব পলাশবাড়ী উপজেলা পরিষদের সাময়িক বরখাস্তকৃত ভাইস চেয়ারম্যান। তিনি পলাশবাড়ী সদরের জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার বাবার নাম মহির উদ্দিন। তিনি উপজেলার মহদীপুর ইউনিয়নের চণ্ডিপুর (দয়ারপাড়া) গ্রামের বাসিন্দা।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবর পেয়ে পলাশবাড়ী-সাদুল্যাপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, নাশকতার মূলহোতা জামায়াত নেতা আবু তালেবের বিরুদ্ধে ১৯টি মামলা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।