সিসি ডেস্ক: গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় আজ শুক্রবার বিকেলে একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অজিত বাবু (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।
পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে বাড়িতে নিজেই আগুন দিয়েছেন অজিত। আর বাসার ভেতরে থাকায় দগ্ধ হয়ে তিনি মারা যান। প্রাথমিকভাবে এ মৃত্যু আত্মহত্যা বলেই মনে হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, আজ বিকেল সাড়ে তিনটার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় অজিত বাবুর। এর জেরে ক্ষুব্ধ হয়ে তিনি স্ত্রী-সন্তানদের বাসার বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেন। পরে তিনি বাসার চারদিকে কেরোসিন ছিটিয়ে সেখানে আগুন ধরিয়ে দেন। আর এ আগুনে দগ্ধ হন অজিত। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে নামেন। আগুন নেভার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে গিয়ে দেখেন বাসার মেঝেতে দগ্ধ হয়ে পড়ে আছে অজিতের লাশ। ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে টঙ্গী থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।
টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে অজিত নিজেই আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার তদন্ত চলছে।
প্রথম আলো



