মাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুর পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রোববার (১৩ ডিসেম্বর) সংরক্ষিত আসনের এক মহিলা প্রার্থীসহ ৮ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
দিনাজপুর সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মো. মাহমুদ হাসান জানান, দিনাজপুর পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত আসনের এক মহিলা প্রার্থীসহ ৮ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন-সংরক্ষিত-৩ (৭,৮ ও ৯) নং ওয়ার্ডের প্রার্থী মোছা. জাহানারা চৌধুরী রেনুকা, সাধারণ ওয়ার্ডের প্রার্থীদের মধ্যে ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিজয় কৃষ্ণ কুন্ডু, ৬ নং ওয়ার্ডের প্রার্থী গোপাল চন্দ্র সাহা ও মো. জালাল উদ্দীন, ৯নং ওয়ার্ডের প্রার্থী মো. আনোয়ার হোসেন, ১০ নং ওয়ার্ডের প্রার্থী মো. রেজওয়ানুল হক, ১১ নং ওয়ার্ডের প্রার্থী মো. মনোয়ার হোসেন ও মো. মুসা মানিক।
উল্লেখ্য, দিনাজপুর পৌরসভার নির্বাচনে ৮৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে মেয়র পদে ৫ জন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ২১ জন ও সাদারণ ওয়ার্ডের ৬২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে সংরক্ষিত আসনের এক মহিলা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। ফলে প্রার্থীর সংখ্যা দাড়ায় ৮৭ জনে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৮ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় ৫ জন মেয়র প্রার্থীসহ বর্তমানে প্রার্থীর সংখ্যা দাড়িয়েছে ৭৯ জনে।
দিনাজপুর পৌরসভার নির্বাচনে এবারে মোট ভোটার ১ লাখ ১৬ হাজার ৭৯০ জন। মধ্যে ৫৭ হাজার ৯৩ জন পুরুষ ও ৫৯ হাজার ৬৯০ জন মহিলা ভোটার। মোট কেন্দ্র সংখ্যা ৪৯টি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর দিনাজপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।