ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী হওয়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানের ছোট ভাই ফুলবাড়ী উপজেলা যুবলীগ সভাপতি খাজা মঈন উদ্দীন ও তার সহযোগী মন্ত্রীর ভাগ্নে যুবলীগ নেতা মহিউদ্দীন কাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বুধবার দুপুরে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি হায়দার আলী শাহ দল থেকে তাদের দুজনকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ।
হায়দার আলী শাহ আরোও বলেন, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভায় তাদেরকে হাইকমান্ডের নির্দেশেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা মনোনীত মেয়র প্রার্থী শাহজাহান সরকার আলী পুতু মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিদ্রোহী প্রার্থী হওয়ায় মন্ত্রীর ছোট ভাই যুবলীগ সভাপতি ও ভাগ্নে যুবলীগ সদস্যকে একত্রে বহিষ্কার করা হয়েছে। উপজেলা যুবলীগ বর্তমান সহসভাপতি রাজেন্দ্র প্রসাদ শর্মাকে ভারপ্রাপ্ত যুবলীগ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।