ঢাকা : আমাদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ শাড়ি ও ওষুধ আটক করেছে ঢাকা কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। যার বাজার মূল্য প্রায় দুই কেটি। এ সময় ৩৬ প্রকারের অবৈধ ওষুধ আনার অপরাধে ফয়সাল হক নামে একজনকে আটক করা হয়েছে।
রোববার রাতে কাস্টমস এক মুঠোফোন বার্তায় এ তথ্য জানায়।
কাস্টমসের সহকারী কমিশনার শহিদুজ্জামান ওই বার্তায় জানান, রোববার বিকেল ৩টার কিছু পর কলকাতা থেকে রিজেন্টা এয়ারওয়েজের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে।
এ সময় গোপন তথ্য ছিল ওই ফ্লাইটে অবৈধ মালামাল আনা হচ্ছে। পরে ব্যাগেজগুলো দেখে সন্দেহ হয়। তবে এগুলোর কোনো বৈধ কাগজপত্র না থাকায় সেগুলো আটক করা হয়। এদেশে সাধারণত ব্যবহার হয় না এমন ওষুধ কেন আনা হয়েছে তা জানাতে না পারায় ফয়সালকে আটক করা হয়। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। আটককৃতের বাড়ি মাদারীপুরে।