ঢাকা: দশম জাতীয় সংসদের নবম অধিবেশন ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংসদের ‘কার্য উপদেষ্টা কমিটি’।
জাতীয় সংসদ ভবনে বুধবার বিকালে কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
কমিটি সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ করেন। কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল ও আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে সিদ্ধান্ত হয় যে, জাতীয় সংসদের নবম অধিবেশন ২৯ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন। এ ছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর ৪৫ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।