পাবনা : পাবনার আটঘরিয়ায় চরমপন্থী-অধ্যুষিত একদন্ত চাঁচকিয়া এলাকায় কৃষক সমিতির নেতা আব্দুর রশিদকে (৩৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রশিদ আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চক চাঁচকিয়া দিয়ারপাড়া গ্রামের মৃত বাহাদুর প্রামানিকের ছেলে। তিনি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির অঙ্গসংগঠন ‘জাতীয় কৃষক সমিতি’ আটঘরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি ছিলেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একদন্তের চাঁচকিয়া গ্রামে একজনকে হত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারব।
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি পাবনা জেলা শাখার সভাপতি জাকির হোসেন জানান, সন্ধ্যায় ওই গ্রামে কৃষক সমিতির একটি সভা ছিল। সভা শেষ করে রশিদ বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি করে। পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। তবে কারা, কী কারণে রশিদকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে কেউ তা জানাতে পারেনি।
জাকির হোসেন আরও জানান, ‘কৃষক সমিতি’ না করার জন্য স্থানীয় চরমপন্থীরা রশিদকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল বলে পারিবারিক সূত্রে জেনেছি।