ঢাকা: যৌন হয়রানির অভিযোগে সিআইডি কর্মকর্তা ফখরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন সাবিহা আক্তার মীনা নামের এক নারী।
সাবিহা আক্তার মীনা নিজেকে সঙ্গীত শিল্পী হিসেবে দাবি করেছেন। তিনি বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি বেশ কয়েকটি চ্যানেলে গান করেন বলে জানান। আর অভিযুক্ত পুলিশ কর্মকর্তা বর্তমানে চট্টগ্রাম সিআইডিতে পরিদর্শক হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।
এর আগে কয়েকবার ফখরুল ইসলামের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সাবিহা আক্তার মীনা। এরপরও কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি গত ১১ জানুয়ারি মুখ্য মহানগর হাকিমের আদালতে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করেন। মামলাটি এখন ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে তদন্তাধীন আছে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সাবিহা আক্তার মীনা।