গাইবান্ধা : গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলায় অশ্লীল নৃত্য ও জুয়ার প্যান্ডেল ভেঙে আগুনে পুড়িয়ে দিয়েছে প্রশাসন।
উপজেলার জামলারজান ব্রিজ এলাকার হিন্দুপাড়ায় রবিবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় জমির মালিক আকবর হোসেনের ছেলে ছামিউল ইসলামকে আটক করা হয়।
সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লা আলম মামুন তালুকদার পুলিশ নিয়ে রবিবার রাতে এ অভিযান চালান।
স্থানীয়রা জানান, হিন্দুপাড়ায় আকবর হোসেনের জমিতে প্যান্ডেল করে কয়েকদিন ধরে অশ্লীল নগ্ননৃত্য ও জুয়া খেলা চলছিল। স্থানীয় বেশ কয়েকজন চিহ্নিত জুয়াড়ি নৃত্য ও জুয়া খেলা চালিয়ে আসছিল।
বিষয়টি সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসারকে জানান স্থানীয় লোকজন। পরে সেখানে পুলিশ নিয়ে অভিযান চালিয়ে অশ্লীল নৃত্য ও জুয়া প্যান্ডেল ভেঙে আগুনে পুড়িয়ে দেয়া হয়।