নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে বালুবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ছয় শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন, তালেব, নিজাম, সুজন, সবুজ, শাহীন ও শরীফুল। তারা সবাই সিরাজগঞ্জের অধিবাসী। বুধবার সন্ধ্যা থেকে রাত ১০ টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক গাউসুল আজম বলেন, মরদেহ সিরাজগঞ্জে নেবার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া লাশ দাফনের জন্য নিহত প্রত্যেকের পরিবারকে ২০,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। রাতেই লাশ সিরাজগঞ্জে পাঠিয়ে দেওয়া হবে।
বুধবার দুপুরে সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের গোগনগরে ট্রলারডুবির এই ঘটনা ঘটে। ডুবে যাওয়া বাল্কহেডটির নাম এমভি রহমত উল্লাহ এক্সপ্রেস।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ঢাকামুখী খালি একটি বাল্কহেড ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাটি ভর্তি এমভি রহমত উল্লাহকে ধাক্কা দেয়। এতে এমভি রহমত উল্লাহ ডুবে যায়। ওই সময় ট্রলারে থাকা ৩০ শ্রমিকের মধ্যে ২৪ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ট্রলারের ভেতরে ঘুমিয়ে থাকা ছয় শ্রমিক নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে দুপুর ৩টায় ঢাকার সদর ঘাট থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।
ফতুল্লার বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রাজ্জাক বলেন, দুর্ঘটনাটি ঘটেছে ঘূর্ণিঝড়ের কারণে। দুইটি বাল্কহেডই ঢাকা অভিমুখে ছিল। ঘূর্ণিঝড় শুরু হলে খালি বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর বাল্কহেডটির উপরে উঠে যায়। এতে মাটি ভরা বাল্কহেডটি ডুবে যায়।