দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা চাকুরী স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় খনির অফিসার্স ওয়েলফেয়ার কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে খনির অভ্যন্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ ওয়াজেদ আলী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সভাপতি রবিউল ইসলাম, শ্রমিক নেতা আনোয়ার হোসেন, লিটন হোসেন, দেলোয়ার হোসেন, জাকির হোসেন, জাকারিয়া আহম্মেদ, আশরাফুল আলম, মেহেদুল ইসলাম, মোকাদ্দেস হেসেন প্রমুখ।
শ্রমিক নেতারা বলেন, এই খনিটি এখন সরকারের লাভজনক প্রতিষ্ঠান। শ্রমিকরাই এ প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে। কিন্তু অনেক প্রতিশ্রুতি দিয়েও কর্তৃপক্ষ শ্রমিকদের চাকুরী স্থায়ী করেনি। তাই সকল দাবি বাদ দিয়ে শ্রমিকদের এক দফা দাবি চাকুরী স্থায়ীকরণ করতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন শ্রমিক নেতৃবৃন্দ।