ঢাকাঃ রাজধানীর খিলগাঁওয়ে ব্যাটারি চালিত অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে সানজিদা আক্তার অনি (২২) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে নন্দীপাড়া ব্রিজের পাশে এ দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, বিকেলে বাসা থেকে বের হয়ে সাজার জন্য বিউটি পার্লারে যান সানজিদা। সেখান থেকে ব্যাটারি চালিত অটোরিক্সাযোগে বাসায় ফেরার পথে নন্দীপাড়া ব্রিজের সামনে আসলে অসাবধানতাবশত সানজিদার ওড়না অটোরিক্সার চাকায় পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে অটোরিক্সা থেকে সড়কে পড়ে গুরুতর আহত হন সানজিদা। পরে খবর পেয়ে চাচা আমিনুর রহমান সানজিদাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক সানজিদাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে চাচা আমিনুর জানান, সানজিদার বাবার নাম মো. শাহজাহান মিয়া। উত্তরা পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্রী ছিল। পূর্ব নন্দিপাড়ায় তাদের নিজ বাড়িতে পরিবারের সঙ্গেই থাকতো।