ঢাকা: রাজধানীর মিরপুরে রফিকুল ইসলাম (৪৭) নামে এক গার্মেন্টস কর্মকর্তাকে এলাপাতাড়ি কুপিয়ে খুন করা হয়েছে।
বুধবার সকালে ওই গার্মেন্টসের একটি কক্ষ থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
রফিকুল ইসলাম সারা গার্মেন্টসের অ্যাকাউন্ট্যান্ট ছিলেন।
পুলিশ জানায়, রফিকুল তিন বছর ধরে ওই গার্মেন্টসে কর্মকরত ছিলেন। কারখানার ভেতরেই একটি কক্ষে এক সহকর্মীর সঙ্গে তিনি থাকতেন। সকালে গার্মেন্টসের লোকজন কোনো সাড়া শব্দ না পেয়ে দারুসসালাম থানায় খবর দেয়। পুলিশ গিয়ে ক্ষতবিক্ষত অবস্থায় লাশ উদ্ধার করে।
তাকে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় রুমমেট তাকে হত্যা করে পালিয়ে যায়।
এদিকে মিরপুর মাজার রোডের দক্ষিণ মাথায় অবস্থিত বায়তুল হাম হোটেলের একটিন কক্ষ থেকে আজহারুল ইসলাম খান নামে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করে দারুসসালাম থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, আজহারুল ইসলাম খান কুমিল্লা থেকে মঙ্গলবার ওই হোটেলে ওঠেন।
বুধবার সকালে হোটেল লোকজন তার কোনো সাড়াশব্দ না পেয়ে কর্তৃপক্ষকে জানায়। কর্তৃপক্ষ দারুসসালাম থানায় খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, আজহারুল আত্মহত্যা করেছেন অথবা হৃদরোগে মারা গেছেন।
দুটি লাশই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
দারুসসালাম থানার ওসির দায়িত্বপালনকারী এসআই একরামুল কবির এসব তথ্য নিশ্চিত করেন।
উৎস: বাংলামেইল২৪