নীলফামারী প্রতিনিধি: ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় নীলফামারীতে রবিউল ইসলাম(৩০) নামে জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোররাতে নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাচারী বাজার সরকার পাড়া নামক স্থানের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিউল সেখানকার মৃত. জামাল উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গত বছরের ১৩ডিসেম্বর অবরোধ চলাকালে কাচারী বাজারে জামায়াত শিবির কর্মীরা সাংবাদিক তৈয়ব আলীকে বেধরক মারধোর করে তার ব্যবহৃত মটর সাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।
এ ঘটনায় সাংবাদিক তৈয়ব আলী বাদী হয়ে নীলফামারী সদর থানায় ১৭জনের নামে মামলা করায় এতদিন পলাতক ছিল আসামীরা।
নীলফামারী সদর থানার উপ পরিদর্শক(এসআই) আসাদুজ্জামান আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান এসআই আসাদ।