সিসি নিউজ: দিনাজপুরের খানসামা উপজেলার ৪নং খামারপাড়া ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার খামারপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে বাংলাদেশ গার্ল পাওয়ার প্রকল্পের বাৎসরিক কনভেনশনে ওই ঘোষণা দেয়া হয়।
সমাজ উন্নয়ণ প্রশিক্ষণ কেন্দ্র ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সহযোগিতায় দিনব্যাপী এ কনভেনশনে সভাপতিত্ব করেন খামারপাড়া ইউপি চেয়ারম্যান খালেকুজ্জামান বুলেট চৌধুরী। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন খানসামা জামে মসজিতের ইমাম মাও. আব্দুস সালাম এবং গীতা পাঠ করেন উপজেলা শিশু ফোরামের সহ-সম্পাদক লতা রায়। এতে স্বাগত বক্তব্য রাখেন খামারপাড়া ইউনিয়নের নির্বাচিত মহিলা সদস্য নুরুন্নাহার বেগম। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন সমাজ উন্নয়ণ প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী মিরাজ উদ্দিন তালুকদার।
এরপর ‘শিশু বিবাহকে না বলুন’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেয় শিশু বিবাহ প্রতিরোধে ন্যাশনাল সার্ভিসের শিক্ষক আইনুল ইসলাম, হেলপ অফ রাইডস’র নির্বাহী পরিচালক মাসুমা গোলাপ চৌধুরী,
আঙ্গারপাড়া ইউনিয়নের বালিকা ও যুব নারী ফোরামের সভাপতি রাধা রানী, নিজের শিশু বিবাহ বন্ধ করার পক্ষে আন্দোলনকারী লিপি আরা। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আলম, দিনাজপুর জেলা রেজিস্ট্রার রণজিৎ কুমার সিংহ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সন্ধ্যা রানী বাগচী, খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণ কুমার রায়, প্ল্যান ইন্টারন্যাশনাল’র ডিরেক্টর-ফিল্ড অপারেশন দেবাশীষ সাহা, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র খানসামা প্রোগ্রাম ইউনিট ম্যানেজার মোবারক হোসেন, এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোজাফফর হোসেন, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন প্রমুখ। আলোচনা অনুষ্ঠানের পর শুরু হয় উপস্থিত জনতার সাথে আগত অতিথির মধ্যে মুক্ত আলোচনা।
পরে ওই মঞ্চে শিশু বিবাহ বন্ধে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল খামারপাড়া উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ কায়েমপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এরপরই ঘর, এসইউপিকে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ওই ইউনিয়নের প্রশিক্ষণ নেয়া ৯জন মহিলা সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়। সেই সাথে বালিকা ও যুব নারীদের উন্নয়ণ এবং তাদের
সুরক্ষার প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য বাংলাদেশ গার্ল পাওয়ার প্রকল্পের পক্ষ থেকে সম্মাননা দেয়া হয় অনলাইন নিউজ পোর্টাল সিসি নিউজ’র এডিটর জসিম উদ্দিনকে।
পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানের সভাপতি খামারপাড়া ইউপি চেয়ারম্যান তার বক্তব্যে খামারপাড়া ইউনিয়নকে শতভাগ বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করেন। সবশেষে ভেড়ভেড়ি ইউনিয়নের মেয়ে শিশু ও যুব নারী ফোরামের সদস্যরা মঞ্চস্থ করেন নাটক ‘আমাদের ময়না’।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্ব পালন করেন খানসামা উপজেলা শিশু ফোরামের সভাপতি দিদার হোসেন এবং মেয়ে শিশু ও যুব নারী ফোরামের সহ-সম্পাদক মৌসুমী চৌধুরী।