নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর গাছবাড়িতে নৈশকোচের চাকায় পিষ্ট হয়ে তাহাজ উদ্দিন (৩৫) নামের কোচের এক যাত্রী মারা গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে গাছবাড়িতে এ দূর্ঘটনা ঘটে। তাহাজ উদ্দিন জেলার সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের রামকলা বোর্ডের হাট এলাকার চাঁন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী একটি নৈশ কোচ গাছবাড়িতে থামে। কোচের যাত্রী তাহাজ উদ্দিন গাড়ী থেকে নেমে লকার থেকে ব্যাগ নামাতে গেলে গাড়ীটি ছেড়ে দেয়। এতে লকারের দরজার ধাক্কায় তাহাজ চাকার নিচে পড়ে গেলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক এরশাদুল আলম জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।