ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আলমকে অস্ত্রের মুখে জিম্মি করে ছাত্রলীগ সাধারণ সম্পাদকের টেন্ডার ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে এ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। একইসঙ্গে তার বিরুদ্ধে মামলা করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা কমিটির জরুরি সভায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক শামীম রেজাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
এ ছাড়া পরিসংখ্যান বিভাগের প্রাক্তন ছাত্র এবং ছাত্রলীগ কর্মী শ্যামন মোল্লাকে কেন তার সার্টিফিকেট বাতিল করা হবে না- এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কমন রুমের আসবাবপত্র ক্রয়ের টেন্ডারকৃত মালামাল বুঝে নেয়ার জন্য রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলমকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। গত ১৩ মার্চ কমিটির আহ্বায়ককে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিকেল ৪টায় বেশ কয়েকজন ছাত্রকে নিয়ে রসায়ন বিভাগের চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে ওই টেন্ডারকৃত মালামাল সরবরাহ না করেই কাজ সমাপ্তির প্রত্যায়নপত্র দিতে চাপ প্রয়োগ করেন। প্রত্যয়নপত্র দিতে অপরাগতা প্রকাশ করার এক পর্যায়ে অধ্যাপক সৈয়দ আলমের গায়ে পিস্তল ঠেকিয়ে হুমকি দেন এ ছাত্রলীগ নেতা।