সিসি নিউজ: শিক্ষা মন্ত্রণালয় ইবতেদায়ী সমাপনী (৫ম শ্রেণি) পরীক্ষায় উত্তীর্ণদের জন্য এই প্রথমবারের মতো সরকারি বৃত্তি চালু করেছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ শনিবার মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সে প্রথমবারের মতো সরকারি বৃত্তি চালু করায় শুকরিয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথির বক্তৃতা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের সহসভাপতি মাওলানা শামসুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল কাশেম মিয়া, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের মহাসচিব মাওলানা শাব্বির আহমেদ মোমতাজী, ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা আবুবকর সিদ্দিক, কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা খলীলুর রহমান নেছারাবাদী, ড. এ কে এম মাহবুবুর রহমান বক্তৃতা করেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার এদেশের মাদরাসা শিক্ষার যুগান্তকারী পরিবর্তন করেছে। গত পাঁচবছরে বছরের প্রথম দিনে নতুন বই দেয়া, মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বেতন সমতা করা, এক হাজার মাদরাসার নতুন একাডেমিক ভবন নির্মাণ, ৩৫টি মডেল মাদরাসা, ১০০টি মাদরাসায় বৃত্তিমূলক শিক্ষা চালু করা, মাদরাসার শিক্ষাক্রম যুগোপযোগী করাসহ অসংখ্য কল্যাণকামী কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে।
মন্ত্রী আরো বলেন, পূর্ব থেকেই ৮ম শ্রেণির বৃত্তি কর্মসূচি চালু থাকলেও মাদরাসার ক্ষেত্রে তা ছিলনা। ২০১১ সাল থেকে জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বৃত্তি চালু করা হয়েছে। প্রতিবছর ছয় হাজার শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। দেশে প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি চালু থাকলেও ইবতেদায়ী সমাপনীর ক্ষেত্রে তা ছিল না। এবারই প্রথম ইবতেদায়ী সমাপনী (৫ম শ্রেণি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বৃত্তি শুরু করা হলো। এবার থেকে পাঁচ হাজার মেধাবৃত্তি এবং ১০ হাজার সাধারণ বৃত্তি প্রদান করা হবে। প্রতিমাসে প্রতিজন মেধাবৃত্তিপ্রাপ্তকে ২০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের ১৫০ টাকা হারে বৃত্তি প্রদান করা হবে। এখাতে বার্ষিক মোট বরাদ্দ তিন কোটি ২২ লাখ টাকা। প্রতিবছর প্রাথমিক সমাপনী পরীক্ষার বৃত্তিও শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রদান করা হয়ে থাকে। তিনি মাদরাসা শিক্ষার উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।