নীলফামারী প্রতিনিধি: জাল ডলারসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। রবিবার বিকেলে নীলফামারীর উত্তরা ইপিজেডে এলাকার তিলাই জয়চন্ডি নামক স্থান থেকে তাদের গ্রেফতার করে রাত সাড়ে ৮টার দিকে মিডিয়াকর্মীদের সামনে উপস্থিত করা হয়। গ্রেফতারকৃতরা হলো নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের শিয়ালডাঙ্গী গ্রামের আজিব রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (২৭) ও একই উপজেলার সোনারায় ইউনিয়নের তিলাই জয়জন্ডি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আতিকুল ইসলাম (২৮)।
র্যাব-১৩ এর নীলফামারী ক্যাম্পের সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে আব্দুর রাজ্জাক ও আতিকুল ইসলাম নামের এই দুই ডলার প্রতারককে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৮ লাখ ৭০ হাজার ২৮৪ টাকা মূল্যের ২৬ হাজার ৯৭৮ জাল মার্কিন ডলার ও ১৬৯টি আসল মার্কিন ডলার উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে রাতেই সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।