বিশেষ প্রতিনিধি, সিসি নিউজ: বন্যা, সাকিব, রুহান, আরফিন, বৃষ্টি সকলেই শিশু। এদের দলে আজ ভিড়েছে সমবয়সী আরও ডজন তিনেক শিশু। তবে দলের মধ্যে প্রাথমিকের গন্ডি পেরিয়ে গেছে এমন শিশুর সংখ্যা নেই বললেই চলে। আজ সোমবার তারা সমবেত হয়েছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বসুনিয়াপাড়াস্থ মাটি ও মানব কল্যাণ সমিতির চত্ত্বরে। উদ্দেশ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনে কেক কাটতে হবে তাই।
সাজানো হয়েছে জন্মদিনের ছয় পাউন্ড ওজনের একটি কেক। জ্বালানো হয়েছে মোমবাতি। এসময় উপস্থিত হলেন মাটি ও মানব কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ও প্রবীণ আ’লীগ নেতা সমসের আলী বসুনিয়া। ঘিরে ধরে উপস্থিত শিশুরা। কাটা হলো কেক। প্রবীণ ওই নেতা শিশুদের মুখে মুখে পুরে দিলেন কেক। এ সময়ের মধ্যে সমিতির আঙ্গিণা ভরে গেল গ্রামের নানা বয়সের শতেক মানুষ। শুরু হয় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা।
মাওলানা তছির উদ্দিনের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন মাটি ও মানব কল্যাণ সমিতির সভাপতি মাহবুবার রহমান বসুনিয়া, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বসুনিয়া, সদস্য জুলফিকার আলী বসুনিয়া, কবির আহমেদ, নুর আলম মুলভী, রইজ উদ্দিন রকি প্রমুখ।
আ’লীগ নেতা সমসের আলী বসুনিয়া জানান, ৭৬ সাল থেকে তিনি পারিবারিক ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম ও মৃত্যু বার্ষিকী পালন করে আসছেন। এরপর ৯০ শতকে মাটি ও মানব কল্যাণ সমিতি গঠন করে দিবসটি ঘটা করে পালন করা হয়।