দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ইসবগুলের ভুষির শরবত খেয়ে দিলারা জাহান (৬৫) ও জুলেখা বেগম (৬০) নামে দু’মহিলা মারা গেছে। একই শরবত খেয়ে গুরুতর আহত আরো এক মহিলাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দিনাজপুর বাহাদুর বাজার হতে ইসবগুলের ভুষির শরবত খেয়ে অসুস্থ হয়ে পড়েন শহরের কাঞ্চন কলোনী এলাকার জাবেদ আলীর স্ত্রী দিলারা জাহান (৬৫), তার বাড়ীর ভাড়াটিয়া শাহ আলমের স্ত্রী জুলেখা বেগম (৬০) ও নসু মিয়ার স্ত্রী ময়না (৪০)। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দিলারা বেগম মারা যান। হাসপাতালে ভর্তির পর জুলেখা বেগমর মৃত্যু হয়। অন্য আহত ময়না বর্তমানে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দিনাজপুর মেডিক্যাল কলেজের ডাক্তার রাফি আহমেদ জানান, দীর্ঘ দিন ধরে ইসবগুলের ভুষি দোকানে জমানো থাকায় বিষাক্ত হয়ে গেছে। আর এই ইসবগুলের দিয়ে তৈরী শরবত খাওয়ায় শরীরে বিষক্রিয়ায় এই তাদের মৃত্যু হয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।