আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার উপকূল বরাবর ভারত মহাসাগরে মালয়েশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ বলে সম্ভাব্য যে দুটি বস্তুর সন্ধান পাওয়া গেছে, নরওয়ের একটি জাহাজ ইতোমধ্যেই সেই এলাকায় পৌছে গেছে। খবর রয়টার্স ও বিবিসি’র।
বৃহস্পতিবার গাড়ি বহনকারী হোগ সেইন্ট পিটার্সবার্গ নামের জাহাজটির মালিক এই তথ্য জানান।
জাহাজটি অস্ট্রেলিয়া কর্তৃপক্ষের অনুরোধে মাদাগাস্কার থেকে মেলবোনে পৌঁছে গেছে এবং স্যাটেলাইটে পাওয়া বস্তুর দুটি অনুসন্ধানে সাহায্য করছে। যেখানে বস্তু দুটির সন্ধান মিলেছে সেটি পৃথিবীর এক প্রান্তে অবস্থিত।
চারদিন আগে পার্থ থেকে ২৫০০ কিলোমিটার দূরে ওই বস্তু দুটির হদিস মেলে।
অস্ট্রেলিয়ার কর্মকর্তারা জানান, যে দুটি বস্তুর সন্ধান পাওয়া গেছে তার একটি প্রায় ২৪ মিটার বা ৭৯ ফুট লম্বা এবং এটা পানির কয়েক হাজার মিটার গভীরে ভাসমান দেখা গেছে। অন্যটি প্রায় ৫মিটার লম্বা।
এখানে নরওয়ের জাহাজ ছাড়াও চারটি অনুসন্ধানকারী বিমান পাঠানো হয়েছে।
বৃহস্পতিবারের অনুসন্ধান শেষে হয়েছে এবং শুক্রবার আবার অনুসন্ধান কাজ শুরু হবে।
মালয়েশিয়া একে ‘বিশ্বাসযোগ্য অগ্রগতি’ বলে মন্তব্য করেছে। তবে এ ব্যাপারে তারা খুব সতর্কতার সাথে এগুচ্ছে।
গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয় মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানটি। ২৬টি দেশ অনুসন্ধান তৎপরতায় অংশ নিয়েছে।