সিসি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা জঙ্গিবাদে বিশ্বাস করে তাদের কোনো ধর্ম নেই । তাদের ধর্ম কেবল জঙ্গিবাদ। শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ইসলাম ধর্মের অপব্যাখ্যা দিয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করা হয়েছে। তারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। এসব ধর্ম ব্যবসায়ীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, যারা হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, মানুষ পুড়িয়ে মারে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এসব অপরাধীরা যাতে আর কোনো অপরাধ করতে না পারে, সেজন্য সবাইকে সচেতন হতে হবে। সরকার মানবতাবিরোধী অপরাধীদের যেমন বিচার করছে, তেমনি এসব অপরাধীদেরও বিচার করা হবে। সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে কারা ফায়দা নিচ্ছে, তা খতিয়ে দেখা দরকার বলে মনে করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পৃথিবীর যেসব মুসলিম দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী, সেসব দেশেও মুসলমানদের মধ্যে বিভেদ, অস্থিরতা। কারা এই বিভেদ তৈরি করছে?
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মুসলমানদের মধ্যেও এরকম অনৈক্য তৈরির চেষ্টা হয়েছিল। কিন্তু সময়মতো ব্যবস্থা নেয়ায় সেই চক্রান্ত সফল হয়নি। তবে সেই চক্রান্ত বন্ধ হয়নি।
ধর্মের নামে কেউ যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে সে ব্যাপারে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা অভিযোগ করেন, যারা মিথ্যা কথা বলে, অন্যায় করে তারাই এখন ইসলামের হেফাজতের কথা বলে।
তিনি বলেন, ইসলাম এমন একটি ধর্ম, যা সব সময় শান্তি সৌহার্দ্য অসাম্প্রদায়িকতা ও মানবতার কথা শোনায়। সব ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ শেখায়। কিছু একটি মহল ধর্মের অপব্যাখা করে মানুষকে বিভ্রান্ত করছে, মানবতাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।