সিসি নিউজ: গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় স্ত্রীর তালাকনামা হাতে পেয়ে স্বামী বিষপানে আত্মহত্যা করেছেন। টিনএজ প্রেমকে কেন্দ্র করে শনিবার রাতে কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, মাঝবাড়ি গ্রামের মৃত হারুন ফকিরের ছেলে একই উপজেলার আট্টাবাড়ি গ্রামের হারুন গাজীর মেয়ে কেয়া খানমের (১৮) সাথে দুই বছর প্রেম করেন। মেয়ের পরিবারের আপত্তি সত্ত্বেও বিগত ২০১২ সালের জুন মাসে তারা গোপনে বিয়ে করেন। সুখেই দিন কাটছিল তাদের।
স্বামীর কাছ থেকে কেয়াকে বিচ্ছিন্ন করতে কৌশলে ৮ মাস আগে কেয়াকে বড় বোন কাকলী ঢাকা নিয়ে যান । কদিন আগে কেয়া তার স্বামীকে তালাকনামা পাঠান। স্ত্রীর চিঠি হাতে পাওয়ার পর মহসীন মনের দুঃখে শনিবার রাতে নিজের বাড়িতেই বিষপানে আত্মহত্যা করে।
কোটালীপাড়া থানার ওসি আব্দুল লতিফ এ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে। উৎসঃ
নতুনবার্তা