সিসি নিউজ: চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে সিডিএ আবাসিক এলাকায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- মা রিজিয়া খাতুন (৫০) ও তার মেয়ে ফাহিমা (২৬)।
সোমবার বেলা ১১টায় পুলিশ খবর পেয়ে সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের ১২১ নম্বর বাড়ি থেকে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করলেও হত্যাকাণ্ডের সঠিক কোনো কারণ জানাতে পারননি।
রিজিয়া খাতুনের বড় ছেলে সাইদ রেজা সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার সকাল পৌনে ১০টার দিকে তিনি ও তার বাবা রেজাউল করিম বাসা থেকে অফিসে যান। সাড়ে ১০টার দিকে খবর পান তার মা ও বোনকে কে বা কারা কুপিয়ে জখম করেছে।
সাঈদ জানান, রায়হান নামের এক তরুণ দীর্ঘদিন ধরে তার ছোট বোনকে উত্ত্যক্ত করে আসছিলেন। ওই ছেলেই এ ঘটনা ঘটিয়েছেন বলে তাদের ধারণা।